লালমনিরহাটে বৈষম্যবিরোধী ও আ.লীগের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

0
54

লালমনিরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ কেইউপি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির জনসভায় জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুলের হাতে ফুল দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালমনিরহাট জেলার মুখপাত্র সদস্য রাশেদুল ইসলাম রাশেদ। ওই সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী আওয়ামী লীগ সমর্থিত শতাধিক মানুষও বিএনপিতে যোগ দেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্র মেরামত’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ জনসভার আয়োজন করে কালীগঞ্জ উপজেলা বিএনপি। জনসভার প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও লালমনিরহাট-২ আসনের মনোনয়নপ্রত্যাশী রোকন উদ্দিন বাবুল।

সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র রায়। উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামছুজ্জামান সবুজ, যুবদল নেতা এইচএম ইদ্রিস আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহারিয়ার আলম রনি, কৃষক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম মিঠু, এবং ছাত্রদল নেতা আব্দুল হালিম ও মতিনুর রহমান মতিন।