নওগাঁয় গরুবহনকারী ভটভটি উল্টে দুই ব্যবসায়ী নিহত, আহত ৭

মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনা, মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস

0
41

নওগাঁর ধামইরহাট উপজেলায় গরুবহনকারী একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাত জন আহত হয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ৮টায় উপজেলার বিহারীনগর জোড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার আড়ানগর ইউনিয়নের আড়ানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভূট্টু মিয়া (৪৫) এবং একই গ্রামের জয়নুলের ছেলে নূরে আলম মওলা (৩০)। তারা দুজনই গরু কেনাবেচার ব্যবসা করতেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে ভুট্টু মিয়া ও নূরে আলম মওলা ভটভটিতে করে গরু নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। এসময় বিহারীনগর বাইপাস রাস্তায় জোড়া ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে তাদের ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ভূট্টু মিয়া ও নূরে আলম মওলা মারা যান।

দুর্ঘটনার পর ভটভটিতে থাকা আহত বাকি সাত জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।”