জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র একটি প্রতিনিধি দল।
শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়।
এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন—দলের সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, আইনি ভিত্তি এবং সনদ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সহ-সভাপতি আলী রীয়াজসহ কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত রয়েছেন।
এর আগে গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সংলাপে থাকা ৩০টি রাজনৈতিক দল ও জোটের মধ্যে ২৫টি দল সনদে স্বাক্ষর করে কমিশনের প্রস্তাবিত সংস্কার সিদ্ধান্ত বাস্তবায়নের অঙ্গীকার করে। তবে জুলাই সনদ বাস্তবায়নে ধোঁয়াশা দেখার কথা জানিয়ে সনদে স্বাক্ষর করেনি এনসিপি। বিভিন্ন বিষয়ে আপত্তি জানিয়ে আরও চারটি দলও সনদে সই থেকে বিরত থাকে।
এর মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে গত ২২ অক্টোবর বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন।