ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে’

0
34

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ‘আমাদের সন্তানদের রক্তের অঙ্গীকার পূরণ করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকুন।’

শনিবার (২৫ অক্টোবর) দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমীতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

সালাহ উদ্দিন আহমদ নয়া দিগন্তের প্রশংসা করে বলেন, ‘নয়া দিগন্ত জন্মলগ্ন থেকে সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করেছে। ফ্যাসিবাদের সময়েও তারা সাহসিকতার সঙ্গে কলম ধরেছে। টিমটিম করে হলেও গণতন্ত্রের আলো জ্বালিয়ে রেখেছিল। অনেক পত্রিকা হারিয়ে গেলেও নয়া দিগন্ত টিকে থেকেছে, এটাই তাদের কৃতিত্ব।’

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, ‘দুই চার কলাম লেখার জন্য আমাকে প্রায় সাড়ে নয় বছর নির্বাসনে থাকতে হয়েছে। আয়না ঘরে থাকতে হয়, নির্যাতনে কারাগারে থাকতে হয়েছে। কিন্তু কখনো সংগ্রামের পথ থেকে পিছিয়ে যাইনি।’

স্মৃতিচারণ করতে গিয়ে সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘এক সময় আমি ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ভাই পিজি হাসপাতালের প্রিজন সেলে ছিলাম। করোনারি কেয়ার ইউনিটের একটি সেলে আমাদের রাখা হয়েছিল। আমরা একে অপরকে দেখতে পেতাম। তিনি তখন অনশন করছিলেন। আমি অনেক বুঝিয়েছিলাম, আপনি মারা গেলে শেখ হাসিনা খুশি হবে, দয়া করে অনশন ভঙ্গ করুন। পরে মুরুব্বিরা গিয়ে ছয়-সাতদিন পর তিনি অনশন ভঙ্গ করেন।’

তিনি জুলাই গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে বলেন, ‘আজ আমরা ছাত্রদের অভ্যুত্থানের গৌরবময় ইতিহাস শুনলাম, রক্তঝরা দিনগুলোর স্মৃতি মনে করলাম। এই অতীতের ভিত্তিতেই আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে। আমাদের সন্তানদের জন্য একটি প্রকৃত গণতান্ত্রিক সমাজ, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা গড়ে তোলাই হবে আমাদের দায়িত্ব।’

নেতাকর্মীদের প্রতি তার বার্তা ছিল, ‘দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে এক থাকতে হবে। মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আমাদের অনৈক্যের কারণে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটে, জাতি আমাদের ক্ষমা করবে না।’