ময়মনসিংহের ধোবাউড়ায় জমি নিয়ে বিরোধ:  নিহত ১

0
29

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সোহেল মিয়ার পরিবারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় শহীদ সোহেলের খালাতো ভাই ইয়াসিন মিয়া (২৫) নিহত হয়েছেন। এছাড়া হামলায় শহীদ সোহেলের ভাই রুবেল মিয়ার গর্ভবতী স্ত্রীসহ পরিবারের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার ছনাটিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

হামলার বিবরণ: স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শহীদ সোহেলের ভাই রুবেল মিয়া ও তার পরিবারের সদস্যরা বিরোধপূর্ণ জমিতে মাছ ধরতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় শহীদ পরিবারের অন্তত ১০ জন সদস্য গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শহীদ সোহেলের খালাতো ভাই ইয়াসিন মিয়া মারা যান।

প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধির বক্তব্য: গোয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জমি নিয়ে বিরোধের কারণেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শহীদ পরিবারের সদস্যরাই বেশি আহত হয়েছেন।”

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”