গাজার জন্য নতুন বেসামরিক প্রধান নিয়োগ দিচ্ছে যুক্তরাষ্ট্র

0
34

অবরুদ্ধ গাজা উপত্যকায় কার্যকর ও টেকসই যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সেখানে নতুন একজন বেসামরিক প্রধান নিয়োগ দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই উদ্যোগ নেওয়া হলো।

শুক্রবার (২৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বেসামরিক প্রধান হিসেবে স্টিভ ফ্যাগিন এই দায়িত্ব পালন করবেন।

ফ্যাগিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ফ্র্যাঙ্কের সঙ্গে কাজ করবেন। ফ্র্যাঙ্ক ইতোমধ্যেই ‘সিভিল-মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার’-এর সামরিক প্রধান হিসেবে দায়িত্বে আছেন। গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি হওয়ার পর ১৭ অক্টোবর ইসরায়েলে এই কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। এ কেন্দ্রটির মূল কাজ হলো যুদ্ধবিরতি লঙ্ঘন পর্যবেক্ষণ এবং গাজায় ত্রাণ সরবরাহসহ অন্যান্য লজিস্টিক কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করা।

জানা গেছে, প্রায় ২০০ মার্কিন সেনা বর্তমানে কেন্দ্রটিতে কাজ করছেন। সেখানে ইসরায়েল, ইউরোপীয় দেশসমূহ, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, জাতিসংঘ ও বিভিন্ন ত্রাণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একযোগে কাজ করছেন মার্কিন সেনারা।