টানা চতুর্থ হারে বিপাকে লিভারপুল

0
44

গত মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পথে পুরো মৌসুমে মাত্র চারটি ম্যাচ হেরেছিল লিভারপুল। কিন্তু নতুন মৌসুমের শুরুতেই সেই সংখ্যায় পৌঁছে গেছে অ্যানফিল্ডের ক্লাবটি। মৌসুমের প্রথম পাঁচ ম্যাচে টানা জয়ের পর এখন টানা চার ম্যাচে পরাজিত ‘অল রেডস’।

শনিবার (২৬ অক্টোবর) রাতে ব্রেন্টফোর্ডের মাঠে ৩-২ গোলের হারের পর দলটির কোচ আর্নে স্লট বলেন, “চার হারের মধ্যে এটি সবচেয়ে বাজে পারফরম্যান্স। প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধের কিছু সময় আমরা স্বাভাবিক ছন্দে ফিরতে পারিনি। প্রতিপক্ষ আমাদের চেয়ে বেশি ডুয়েল জিতেছে, যা পুরো পার্থক্য গড়ে দিয়েছে।”

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় লিভারপুল। পঞ্চম মিনিটে কর্নার থেকে গোল করে ব্রেন্টফোর্ডকে এগিয়ে দেন ডাংগো ওয়াতারা। প্রথমার্ধের শেষ দিকে কেভিন শাডের গোলে ব্যবধান বেড়ে যায় ২–০ তে। যোগ করা সময়ে মিলোস কেরকেজের গোলে এক গোল শোধ করে বিরতিতে যায় লিভারপুল।

দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে পেনাল্টি থেকে ইগর থিয়াগো গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩–১। ম্যাচের শেষ দিকে (৮৯ মিনিটে) গোল করে ব্যবধান কমান মোহাম্মদ সালাহ—৬ ম্যাচ পর গোলের দেখা পেলেন তিনি। তবে সমতা ফেরাতে ব্যর্থ হয় বর্তমান চ্যাম্পিয়নরা।

২০২১ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম টানা চার ম্যাচে হারল লিভারপুল। নয় ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে তারা এখন লিগ টেবিলের ছয় নম্বরে। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে।

প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি চতুর্থবারের মতো কোনো বর্তমান চ্যাম্পিয়নের টানা চার ম্যাচে পরাজয়। এর আগে ২০১৬–১৭ মৌসুমে লেস্টার সিটি, ২০২০–২১ সালে লিভারপুল, এবং গত মৌসুমে ম্যানচেস্টার সিটি একই পরিস্থিতির মুখে পড়েছিল। অর্থাৎ এই চার ঘটনায় দুইবারই ভুক্তভোগী লিভারপুল।

অন্যদিকে, উল্টো চিত্র দেখা গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে। ওল্ড ট্র্যাফোর্ডে ব্রাইটনের বিপক্ষে ৪-২ গোলের জয়ে টানা তৃতীয়বার জয় পেয়েছে রুবেন আমোরিমের দল। নয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ইউনাইটেড উঠে এসেছে শীর্ষ চারে।