‘দেশগঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের প্রশংসনীয় ভূমিকা অব্যাহত থাকবে’: সেনাপ্রধান

সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান

0
37

দেশগঠনে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের প্রশংসনীয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (২৬ অক্টোবর) সকালে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫ এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, “কোর অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সেনাবাহিনীর একটি স্বনামধন্য কোর।” তিনি উল্লেখ করেন, এই কোরের স্বনামধন্য ইঞ্জিনিয়াররা দেশ ও দেশের বাইরে সেতু, রাস্তাঘাটসহ নানা অবকাঠামো নির্মাণে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব ইঞ্জিনিয়ার্সের সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করেন এবং তাদের প্রতি শ্রদ্ধা জানান। সেনাপ্রধান বলেন, “তারা স্বাধীনতার জন্য অকাতরে জীবন বিসর্জন দিয়েছেন। আমরা বাংলাদেশ সেনাবাহিনী এই কোরের জন্য গর্বিত। আমি এই কোরের উত্তরোত্তর সফলতা কামনা করছি।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশগঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের প্রশংসনীয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের ৯ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়।

এর আগে সেনাবাহিনী প্রধান ইসিএসএমই পৌঁছালে তাকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ এবং কমান্ড্যান্ট, ইসিএসএমই অভ্যর্থনা জানান।

পরবর্তীতে তিনি বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত কোর অব ইঞ্জিনিয়ার্সের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; মহাপরিচালক, বিআইআইএসএস; চিফ কনসালটেন্ট জেনারেল, অ্যাডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট; ইঞ্জিনিয়ার-ইন-চিফ; অ্যাডজুটান্ট জেনারেলসহ সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।