ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড ছিটকে পথচারীর মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ

0
64

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড (বিয়ারিং স্প্রিং) খুলে পড়ে এক পথচারী নিহত হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম আবুল কালাম (৩৫-৪০)। তিনি শরীয়তপুর জেলার বাসিন্দা।

দুর্ঘটনার পরপরই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল বন্ধ ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো. মোবারক) বলেন, “বিয়ারিং প্যাড ছিটকে পড়ে ঘটনাস্থলেই এক পথচারী নিহত হয়েছেন।”

প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল কালাম ফুটপাত দিয়ে ব্যাগ হাতে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ উপরের দিক থেকে একটি ভারী ধাতব বিয়ারিং স্প্রিং ছিটকে পড়ে তার মাথায় আঘাত করে। একই সঙ্গে সেটি পাশের একটি চপ-শিঙাড়ার দোকানের কাঁচ ভেঙে দেয়, এতে আরও দুইজন আহত হন। ছিটকে পড়া স্প্রিংটির ওজন ছিল প্রায় ৪০-৫০ কেজি।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, “দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে পুরো রুটেই মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। ট্রেন চালু হওয়ার সময় এখনো নিশ্চিত করা যায়নি।”

এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় একই ধরনের ঘটনা ঘটেছিল, তখন ১১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

মেট্রোরেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “ফার্মগেটের খেজুরবাগান মোড়ের নির্মাণ নকশায় ত্রুটি রয়েছে। এর আগে এমন দুর্ঘটনা ঘটলেও জাপানিজ ঠিকাদার তা সংশোধন করেনি।”

মেট্রোরেলের লাইনের নিচে উড়ালপথের পিলারের সঙ্গে বসানো রাবার বিয়ারিং প্যাডগুলো প্রতিটির ওজন ১৪০–১৫০ কেজি। এগুলো উড়ালপথকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব প্যাড সরে গেলে বা ছিটকে পড়লে লাইন স্থানচ্যুত হওয়া বা দেবে যাওয়ার ঝুঁকি তৈরি হয়— ফলে ট্রেন চলাচল বন্ধ রেখে নিরাপত্তা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।