ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো হবে: জামায়াত আমির

0
50

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলটি ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, জামায়াতকে বদনাম করে বলা হয় ক্ষমতায় গেলে নারীদের ঘরে তালাবন্দি করে রাখা হবে— “কিন্তু এত তালা কেনার টাকা কোথায়?”

রোববার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানস আয়োজিত নাগরিক সংবর্ধনায় তিনি এ বক্তব্য দেন।

ডা. শফিকুর রহমান বলেন, “মায়েরা সন্তান জন্ম দিচ্ছেন, সেই সন্তানকে দুধ খাইয়ে লালন করছেন, আবার একই সময়ে পেশাজীবীর দায়িত্বও পালন করছেন। নারী–পুরুষ উভয়ের জন্য সমান ৮ ঘণ্টা কর্মদিবস নারীদের প্রতি অবিচার।” তিনি যোগ করেন, “আমরা ক্ষমতায় গেলে মায়েদের ওপর এই চাপ কমানো হবে, তাদের কর্মঘণ্টা হ্রাস করা হবে।”

সভায় জামায়াত আমির বলেন, “বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ।” তিনি দাবি করেন, পরবর্তী যে সরকারই আসুক, তাকে এই রায়গুলো ন্যায়সঙ্গতভাবে সম্পন্ন করতে হবে।

এ ছাড়াও জামায়াত আমির ক্ষমতায় এলে দেশে বিনিয়োগের সুযোগ ও বিজনেস–ফ্রেন্ডলি পরিবেশ তৈরির আশ্বাস দেন।