গাজায় ‘বিদেশি বাহিনী ঢুকবে কি না, ঠিক করবে ইসরায়েল’: নেতানিয়াহু 

0
77

গাজায় যুদ্ধবিরতি বজায় রাখতে বহুজাতিক শান্তিরক্ষী বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিষ্কার জানিয়ে দিয়েছেন, গাজায় কোন বিদেশি বাহিনী প্রবেশ করবে তা নির্ধারণ করবে একমাত্র ইসরায়েলই।

রবিবার (২৬ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স জানায়, নেতানিয়াহু একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের নিরাপত্তার নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকবে। কোন আন্তর্জাতিক বাহিনী গ্রহণযোগ্য হবে বা হবে না, তা ইসরায়েলই নির্ধারণ করবে—এভাবেই আমরা কাজ করি এবং ভবিষ্যতেও করব।’

অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প তার শান্তিচুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে ইতিমধ্যে গাজায় মার্কিন সেনা পাঠিয়েছেন। তিনি ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, কাতার, মিশর ও আজারবাইজানের সঙ্গে আলোচনা করছেন যাতে তারা প্রস্তাবিত শান্তিরক্ষী জোটে যুক্ত হয়।

এর আগেও নেতানিয়াহু গাজায় তুর্কি বাহিনীর সম্ভাব্য ভূমিকা নিয়ে আপত্তি প্রকাশ করেছিলেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইসরায়েলের সামরিক অভিযানকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে নেতানিয়াহুর সরকারের তীব্র সমালোচনা করেছেন।

যুদ্ধবিরতির অংশ হিসেবে গত পাঁচদিনে হামাস ১৫ জন ইসরায়েলি বন্দীর মরদেহ হস্তান্তর করেছে, আর ইসরায়েল ফেরত দিয়েছে ১৫০ জন ফিলিস্তিনির মরদেহ—যাদের অধিকাংশের পরিচয় এখনো শনাক্ত হয়নি।

টানা দুই বছরের এই সংঘাতে এ পর্যন্ত ৬৮ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং কয়েক লক্ষাধিক আহত হয়েছেন, যা গাজা উপত্যকাকে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে ফেলেছে।