থাইল্যান্ডের বিপক্ষে ৫-১ গোলের বড় পরাজয় বাংলাদেশের নারী দলের

0
46

বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপের চূড়ান্ত পর্বে উঠতে যাচ্ছে। প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলেছে দলটি। তবে প্রত্যাশিত ফল পায়নি গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

শুক্রবার প্রথম ম্যাচে ০-৩ গোলে পরাজয়ের পর রোববার ব্যাংককে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচেও ৫-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধেই দলটি ১-৩ গোলে পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি, বরং আরো দুই গোল হজম করে। পুরো অর্ধজুড়েই থাইল্যান্ড খেলার নিয়ন্ত্রণ ধরে রাখে।

৫৪ মিনিটে থাইল্যান্ডের ফরোয়ার্ড মেরিসন বক্সের বাইরে থেকে এক চমকপ্রদ উড়ন্ত শটে গোল করেন। বাংলাদেশের হাই লাইন ডিফেন্সের সুযোগ নিয়ে তিনি দূরপাল্লার বল রুপ্না চাকমার মাথার ওপর দিয়ে জালে পাঠান। তিন মিনিট পর ডিফেন্ডার কোহাতি কিসকু অধিনায়ক সাওয়ালককে ফাউল করলে থাইল্যান্ড পায় পেনাল্টি। সেখান থেকে জিরাপরান গোল করে ব্যবধান বাড়ান ৫-১ এ।

আগের ম্যাচের মতো এ দিনও শুরুতেই হানা দেয় স্বাগতিক দল। দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ মিস করলেও ১৮ মিনিটে অধিনায়ক সাওয়ালক এগিয়ে নেন দলটিকে। এরপর ২৩ মিনিটে জিরাপরানের গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

বাংলাদেশ কিছুক্ষণের জন্য স্বস্তি পায় ২৯ মিনিটে শামসুন্নাহারের দারুণ হেডে করা গোলে। মারিয়া মান্দার কর্নার থেকে উড়ে আসা বলে শামসুন্নাহার মাথা ছুঁইয়ে গোল করলে বাংলাদেশের ফুটবলারদের মাঝে ফিরে আসে উদ্দীপনা। তবে মাত্র পাঁচ মিনিট পর থাইল্যান্ডের আরেকটি গোল সেই উচ্ছ্বাস থামিয়ে দেয়।

দুই ম্যাচেই থাই দলের গতিময় ফুটবল ও আক্রমণভাগের পারফরম্যান্সের সামনে অসহায় ছিল বাংলাদেশ। হাই লাইন ডিফেন্সের কৌশল তাদের জন্য হয়ে দাঁড়ায় বিপর্যয়ের কারণ। তবুও আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে অভিজ্ঞতা অর্জনই এখন দলের বড় সম্পদ।