দক্ষিণ চীন সাগরে পৃথক দুই ঘটনায় মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় রবিবার (২৬ অক্টোবর) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় সব ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী দুটি ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
রবিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন নৌবাহিনী জানায়, “মেরিটাইম স্ট্রাইক স্কোয়াড্রন (এইচএমএম) ‘ব্যাটল ক্যাটস’-এর জন্য নিযুক্ত একটি এমএইচ-৬০আর ‘সিহক’ হেলিকপ্টার স্থানীয় সময় দুপুর পৌনে ৩টার দিকে বিমানবাহী জাহাজ ইউএসএস নিমিৎজ থেকে নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় দুর্ঘটনায় পড়ে।”
এর পর বিকেল সোয়া ৩টার সময় একই জাহাজ থেকে উড্ডয়ন করা এফ/এ-১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমান স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন (ভিএফএ) ২২-এর নিয়মিত অভিযান চলাকালে বিধ্বস্ত হয়। নৌবাহিনী জানিয়েছে, উভয় আকাশযানের ক্রু সদস্যরা সময়মতো বেরিয়ে আসতে সক্ষম হন এবং দ্রুত উদ্ধার করা হয়েছে।
দক্ষিণ চীন সাগরকে ঘিরে বহুদিন ধরেই চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের মধ্যে মালিকানা নিয়ে বিরোধ চলছে। আন্তর্জাতিক আদালতের রায় উপেক্ষা করে বেইজিং এই গুরুত্বপূর্ণ জলপথের প্রায় পুরো অংশই নিজেদের দাবি করে আসছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এশিয়া সফরের মধ্যেই এই দুর্ঘটনা ঘটেছে। চলতি সপ্তাহে ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক বৈঠকে বসবেন বলে জানা গেছে, যেখানে বাণিজ্যিক সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।