পুঁজিবাজারে লেনদেন কম, ডিএসইর সব সূচক নিম্নমুখী

0
65

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ অক্টোবর) বড় ধরনের পতন হয়েছে। লেনদেন নেমে এসেছে ৩৯৪ কোটি টাকার ঘরে, আর সব সূচকই দিনের শেষে নিম্নমুখী অবস্থায় বন্ধ হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৪০ দশমিক ১২ পয়েন্ট কমে ৫,০৮৬ দশমিক ৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসইএস সূচক ১১ দশমিক শূন্য ছয় পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ১৭ দশমিক ৪৯ পয়েন্ট কমেছে।

দিনের শুরুতে বাজারে কিছুটা উত্থান দেখা গেলেও তা টিকেনি। লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সূচক ১৩ পয়েন্ট বাড়লেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পতন শুরু হয়। দিনের শেষে সূচকের পতনের মাত্রা দাঁড়ায় ৪০ পয়েন্টে।

লেনদেনের পরিমাণও আগের কার্যদিবসের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। এদিন মোট ৩৯৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা রোববারের ৪৬১ কোটি ৫৫ লাখ টাকার তুলনায় প্রায় ৬৭ কোটি টাকার কম।

ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এদের মধ্যে ৮১টির দর বেড়েছে, ২৬০টির দর কমেছে এবং ৫৫টির দর অপরিবর্তিত ছিল। অর্থাৎ লেনদেনে অংশ নেওয়া ৬৭ শতাংশ কোম্পানির শেয়ারদর কমেছে।

দিন শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৪৬১ কোটি ৪৬ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ৪,২৩৭ কোটি টাকা কম।

লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন, যার ২৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এরপর স্থান পেয়েছে খান ব্রাদার্স (১৫ কোটি ২০ লাখ), আনোয়ার গ্যালভানাইজিং (১৪.৭৩ কোটি), প্রগতি ইন্স্যুরেন্স (৯.৪৯ কোটি), রবি আজিয়াটা (৮ কোটি), এবং সিটি ব্যাংক (৭.৮ কোটি টাকা)।

দর বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং, যার শেয়ার মূল্য বেড়েছে ২৩.১৮ শতাংশ। বিপরীতে দর পতনের শীর্ষে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ, যার দর কমেছে ১২.৭৩ শতাংশ।