টানা পঞ্চম টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ (সোমবার, ২৭ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি।
ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ফলে প্রথমে ফিল্ডিং করবে টাইগাররা।
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ। শেষ চারটি টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস এবং আফগানিস্তানকে হারিয়ে টানা সাফল্যের ধারায় রয়েছে লিটন দাসের দল। ঘরের মাঠের সুবিধা, আত্মবিশ্বাসী ফর্ম ও সাম্প্রতিক পারফরম্যান্সে ফেভারিট হিসেবে আজ মাঠে নামছে বাংলাদেশ।
চট্টগ্রামের উইকেট ঐতিহ্যগতভাবে ব্যাটিং সহায়ক হলেও শেষের দিকে শুকিয়ে আসা পিচ স্পিনারদেরও কিছুটা সহায়তা দিতে পারে। ফলে বড় রানের ম্যাচের সম্ভাবনাই সবচেয়ে বেশি।
টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের লড়াইয়ে ইতিহাস প্রায় সমান। দুই দল ১৯ বার মুখোমুখি হয়েছে, যেখানে বাংলাদেশ জিতেছে ৮টি এবং ওয়েস্ট ইন্ডিজ ৯টি ম্যাচে। দুটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। সর্বশেষ সিরিজে গত বছর ক্যারিবীয় মাটিতে ৩–০ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশ দলের জন্য বড় স্বস্তির খবর হলো, ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে তিনি এশিয়া কাপের শেষ অংশ ও আফগানিস্তান সিরিজে খেলতে পারেননি। শেষ সাত ইনিংসে তিনটি হাফ-সেঞ্চুরি পাওয়া লিটন বর্তমানে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক।
টাইগার ভক্তদের প্রত্যাশা, ব্যাটে-বলে সমান সাফল্য ধরে রেখে ঘরের মাঠে আরেকটি সিরিজ জয়ে ট্রফি হাতে তুলবেন লিটনরা।