রাজশাহীর বেসরকারি ক্লিনিকে নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

0
68

রাজশাহীর একটি বেসরকারি ক্লিনিকে নার্সকে ধর্ষণের অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত চিকিৎসকের নাম ডা. আহসান হাবিব (২৯), তিনি নওগাঁ জেলার বাসিন্দা এবং রাজশাহীর আল-আরাফাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনাটি ঘটে গত ৮ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত ওই ক্লিনিকে।

পুলিশ জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে চিকিৎসক আহসান হাবিব ভুক্তভোগী নার্সকে (২৫) ক্লিনিকের নিজ চেম্বারে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে সম্পর্ক চালিয়ে গেলেও তিনি বিয়ে না করে যোগাযোগ বন্ধ করে দেন। পরবর্তীতে জানা যায়, অভিযুক্ত চিকিৎসক অন্যত্র বিবাহিত জীবনে প্রবেশ করেছেন।

ভুক্তভোগী নার্স রাজশাহী নগরের রাজপাড়া থানায় গত ২৩ সেপ্টেম্বর মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে রোববার (২৬ অক্টোবর) দুপুরে আহসান হাবিবকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক আব্দুল আলিম জানান, “ঘটনার পর ভুক্তভোগী নার্সকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসা ও শারীরিক পরীক্ষার পর তিনি মামলা করেন। মামলার তদন্ত চলছে।”

আল-আরাফাহ ক্লিনিকের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, “মামলায় আমাদের ক্লিনিকের নাম উল্লেখ থাকলেও ঘটনাটি ঘটার পরপরই ডা. আহসান হাবিবকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”