গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের সভাপতিসহ ৪৯ নেতার পদত্যাগ

0
55

গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আল আমিন সরদারসহ নবগঠিত কমিটির ৪৯ জন নেতা একযোগে পদত্যাগ করেছেন। বিভাগীয় উপকমিটির স্বেচ্ছাচারিতা, ব্যক্তিকেন্দ্রিকতা ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তারা এই পদত্যাগের ঘোষণা দেন।

সোমবার (২৭ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন জেলা কমিটির সভাপতি মো. আল আমিন সরদার। এর আগে রোববার তিনি ও নবগঠিত কমিটির আরও ৪৮ জন কেন্দ্রীয় কমিটির কাছে ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি ৬৩ সদস্য বিশিষ্ট গোপালগঞ্জ জেলা কমিটি ঘোষণার পর থেকেই দলীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। পদত্যাগকারীরা অভিযোগ করেন, কমিটি গঠনে দলের মূলনীতি, যোগ্যতা, ত্যাগ ও মাঠপর্যায়ের কর্মীদের অবদান বিবেচনা না করে পক্ষপাতমূলকভাবে পদ বণ্টন করা হয়েছে। এতে অনেক পরিশ্রমী নেতাকর্মী বঞ্চিত হয়েছেন।

তাদের ভাষায়, “যে কমিটি ন্যায়বিচারহীন এবং গণতান্ত্রিক চেতনার পরিপন্থী, সেই কমিটিতে থেকে দায়িত্ব পালন করা সম্ভব নয়। তবে আমরা গণঅধিকার পরিষদের মূল আদর্শ ও জনগণের রাজনীতিতে বিশ্বাসী।”

পদত্যাগকারী সভাপতি মো. আল আমিন সরদার বলেন, “নতুন কমিটিতে সাবেক যুবলীগ ও এনসিপি নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আমাদের দলীয় মূল্যবোধের পরিপন্থী। এখানে স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতা করেছে বিভাগীয় উপকমিটি।” তিনি যোগ করেন, “মনঃক্ষুণ্ন হয়ে আমি ও আরও ৪৮ জন নেতা পদত্যাগ করেছি এবং কেন্দ্রীয় কমিটিকে তা চিঠির মাধ্যমে জানানো হয়েছে।”

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি গোপালগঞ্জ জেলা শাখার ৬৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছিল।