ঢাকা–বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজায় চলন্ত একটি বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিট প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
বাসের চালক মো. শাহজালাল জানান, বরিশাল থেকে খুলনাগামী বিআরটিসি বাসটি (নম্বর: ব্রাহ্মণবাড়িয়া-ব-১১-০০০৪) ইচলাদী টোল প্লাজায় পৌঁছালে যাত্রীরা হঠাৎ ধোঁয়া দেখতে পান। তিনি বলেন, “আমি সঙ্গে সঙ্গে ব্রেক চাপি, তখন দেখি গাড়ির নিচ থেকে আগুন উঠছে। সৌভাগ্যক্রমে সব যাত্রী নিরাপদে বের হতে পেরেছেন।”
আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই পুরো বাসটি জ্বলতে শুরু করে। খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নিয়েছে।
অগ্নিকাণ্ডের কারণে ঢাকা–বরিশাল মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল, যা প্রায় এক ঘণ্টা পর স্বাভাবিক হয়।