খুলনার দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ইমামুল কবীর জীবন (পলাতক), রাজ, শহীদ শাহারিয়ার মিথুন, তুষার গাজী, সোয়েব সুমন (পলাতক), শাকিল (পলাতক) এবং তুহিন। মামলায় কুটি ও শামীম নামের দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০০৯ সালের ৩ জানুয়ারি দৌলতপুরের দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে সন্ত্রাসীরা গুলি ও কুপিয়ে হত্যা করে পারভেজ হাওলাদারকে। তাকে বাঁচাতে গেলে এলাকাবাসীর ওপর গুলি চালায় হামলাকারীরা। এ সময় সুপর্না সাহাসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়ার পর সুপর্না সাহাও মারা যান।
পরদিন ২০০৯ সালের ৪ জানুয়ারি নিহত পারভেজের বাবা নিজাম উদ্দিন বাদী হয়ে সাতজনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। পরবর্তী তদন্তে পুলিশ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়।