কক্সবাজারের পেকুয়ায় গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমান উল্লাহ (৩৬) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজিবনপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আমান উল্লাহ ওই এলাকার মো. ছাবের আহমদের ছেলে। তিনি তিন সন্তানের বাবা এবং পেশায় রাজমিস্ত্রীর কাজ করতেন বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে গাছের ডালপালা কেটে পরিষ্কার করছিলেন আমান উল্লাহ। এ সময় গাছের একটি ডাল পাশের বৈদ্যুতিক তারের ওপর পড়ে যায়। ডালটি সরানোর চেষ্টা করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাকে উদ্ধার করতে এগিয়ে এলে তার জেঠাত ভাই বোরহান উদ্দিন খোকন (৩৫)ও বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত দুজনকে উদ্ধার করে পেকুয়া বাজার সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আমান উল্লাহকে মৃত ঘোষণা করেন।
আহত খোকনকে পরে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি বর্তমানে শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক মো. জিয়া উদ্দিন।
স্থানীয় ইউপি সদস্য মো. আশিক বলেন, “গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজন মারা গেছেন, আরেকজন আহত হয়েছেন। বিষয়টি খুবই মর্মান্তিক।”