দিনাজপুরের বোচাগঞ্জে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উপজেলা ও পৌর যুবদল।মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সেতাবগঞ্জ বড় মাঠে জমায়েত হন।
সকাল ১১টায় উপজেলা যুবদলের আহ্বায়ক সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা এবং প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক শফিকুল আলম, পৌর বিএনপির সভাপতি নওসাদ আলী, বিএনপি নেতা কাজী সোহরাব হোসাইন, জামাল উদ্দিন, এম ওয়ালী ফ্লাড, উপজেলা যুবদলের সদস্য সচিব রায়হান রুবেল, পৌর যুবদলের আহ্বায়ক মনোয়ারুল ইসলাম সবুজ সরকার এবং সদস্য সচিব মশিউর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন করার উদ্যোগ নিয়েছে। এই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে; তাই যুবদলকে দেশের গণতন্ত্র রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।”
আলোচনা সভা শেষে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা সেতাবগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বড় মাঠে গিয়ে শেষ হয়।