পিরোজপুরের নেছারাবাদে বিরল শারীরিক গঠনের এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন চৈতি মণ্ডল। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সিজারিয়ান অস্ত্রোপচারে ডা. নরেশ চন্দ্র বড়ালের হাতে জন্ম হয় দুই মাথা ও এক দেহবিশিষ্ট এই শিশুর।
চৈতি মণ্ডল উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রোঙ্গাকাঠি গ্রামের বাসিন্দা; স্বামী লিমনের বাড়ি পটুয়াখালীর বাউফলে।
ডা. নরেশ চন্দ্র বড়াল জানান, গর্ভাবস্থায় প্রথমে পটুয়াখালীতে চিকিৎসা নেন চৈতি। পরে প্রসববেদনা শুরু হলে বাবার বাড়ির কাছে নেছারাবাদে এক হাসপাতালে ভর্তি করা হয়। আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে দুটি শিশুর উপস্থিতি দেখা গেলেও অস্ত্রোপচারের সময় দেখা যায়, এটি আসলে দুটি মাথা ও এক দেহ—চিকিৎসাবিজ্ঞানে যাকে ‘কনজয়েনড টুইন’ বলা হয়।
তিনি আরও জানান, ‘‘অস্ত্রোপচার সফলভাবে হয়েছে। মা ও শিশু উভয়েই আপাতত সুস্থ। তবে শিশুটির উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।’’