কক্সবাজারের টেকনাফ সাগর উপকূল দিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী ও শিশুসহ মোট ২৬ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তবে অভিযানকালে মানব পাচারকারী চক্রের কাউকে আটক করা যায়নি।
বুধবার (২৯ অক্টোবর) বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোস্টগার্ড জানায়, মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া এলাকার আব্দুল আলীর ঘাট সংলগ্ন সমুদ্র এলাকায় একটি ট্রলারে এসব নারী-শিশুকে জড়ো করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে ট্রলারে থাকা ২৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করে কোস্টগার্ড।
উদ্ধারকৃতদের বরাত দিয়ে লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র চাকরি ও অল্প খরচে বিদেশে পাঠানোর কথা বলে এসব রোহিঙ্গাকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা চালায়।”
তিনি আরও বলেন, “অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারকারীদের শনাক্ত ও আটক করতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত আছে।”