মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকা কেন দেওয়া হবে না: হাইকোর্টের রুল

0
76

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালামের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার কারণ তদন্তে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট তানভীর আহমেদ।

এর আগে মেট্রোরেলসহ দেশের সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে বলা হয়, দুর্ঘটনার পর নিরাপত্তা তদারকির অভাবে জননিরাপত্তা ঝুঁকিতে পড়েছে।

একইসঙ্গে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ প্রদানেরও আবেদন করা হয়।

প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামের যুবক আবুল কালাম গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়।