চট্টগ্রামের দামপাড়ায় পুলিশের বাস উল্টে নারী সদস্যসহ আহত ২০

0
46

চট্টগ্রামের দামপাড়া এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে নারী পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে দামপাড়ার ওয়াসা মোড় সংলগ্ন সিএমপি পুলিশ হেডকোয়ার্টারের ভেতরের এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চমেক (চট্টগ্রাম মেডিকেল কলেজ) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দামপাড়া পুলিশ লাইন্স থেকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যরা বাসে করে সাগরিকার শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে যাচ্ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

আহতদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকিরা দামপাড়া পুলিশ লাইন্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।