শেখ হাসিনাসহ ২৬১ জনকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

0
45

বহুল আলোচিত ‘জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ জনকে পলাতক দেখিয়ে বহুল প্রচারিত দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার (৩১ অক্টোবর) সিআইডি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন।

সিআরপিসির ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে সিআইডি রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করে। তদন্তে উঠে আসে, ‘জয় বাংলা ব্রিগেড’ নামে অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশ ও বিদেশে বসে বৈধ সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালানো হয়। দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দ্রুততম সময়ে তদন্ত শেষ করে সিআইডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলার তদন্তে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৭ নম্বর আদালতের বিচারক আরিফুল ইসলাম প্রধান আসামি শেখ হাসিনাসহ ২৬১ জনের অনুপস্থিতিতে তাদের পলাতক ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন।