জাতীয় নির্বাচনের তফসিল ডিসেম্বরের শুরুতে, ভোট হবে ফেব্রুয়ারিতে রমজানের আগে: ইসি

0
74

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম দিকে ঘোষণা করা হবে এবং আগামী ফেব্রুয়ারিতে রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, “আমরা নির্বাচনের কর্মপরিকল্পনা ইতোমধ্যে প্রকাশ করেছি।”

পিআর পদ্ধতি ও গণভোট: পিআর (Proportional Representation) পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, “পিআর পদ্ধতি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। এ নিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত কী আসে সেটির অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন।” গণভোট প্রসঙ্গে তিনি জানান, “গণভোট নির্বাচনের আগে হবে না পরে হবে, বিষয়টি এখনো নির্বাচন কমিশনারের নজরে আসেনি। এছাড়া, গণভোটের বিষয়ে সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছে; সে বিষয়ের সিদ্ধান্ত এখনো নির্বাচন কমিশনের কাছে পৌঁছায়নি।”

প্রবাসী ও কয়েদি ভোটার: প্রবাসী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “প্রবাসী ভোটারদের নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু করা হবে।” এছাড়া, যারা কয়েদি আসামি রয়েছেন, তারাও যাতে ভোট দিতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।

এ সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ও পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।