Home সর্বশেষ চট্টগ্রামে পুলিশের চেকপোস্ট দেখে চালকের পলায়ন, প্রাইভেটকার থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

চট্টগ্রামে পুলিশের চেকপোস্ট দেখে চালকের পলায়ন, প্রাইভেটকার থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

চট্টগ্রামে পুলিশের চেকপোস্ট দেখে চালকের পলায়ন, প্রাইভেটকার থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম নগরের মেরিনার্স সড়কে পুলিশের চেকপোস্ট দেখে প্রাইভেটকার রেখে পালিয়ে গেছেন এক চালক। পরে ওই গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমাণ ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কোতোয়ালি থানাধীন মেরিনার্স সড়কের চামড়ার গুদাম ওমর আলী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ চালকবিহীন প্রাইভেটকারটি এবং ইয়াবা জব্দ করেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, গোপন সূত্রে খবর আসে যে কক্সবাজার থেকে একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানার এসআই মিজানুর রহমান চৌধুরী পুলিশ সদস্যদের নিয়ে মেরিনার্স সড়কের চামড়ার গুদাম ওমর আলী মার্কেটের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেন।

সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার থেকে আসা একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে চালক চেকপোস্ট থেকে কিছুটা দূরে গাড়িটি থামিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। ওসি করিম বলেন, সড়কে প্রচুর যানবাহন থাকায় ওই সময় চালককে আটক করা সম্ভব হয়নি। এরপরই প্রাইভেটকারটি পুলিশ নিজেদের হেফাজতে নেয়।

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে প্রাইভেটকারটি তল্লাশি করে পুলিশ। তল্লাশির সময় প্রাইভেটকারের পেছনের ব্রেক ঢালার ভেতর একটি কালো রঙয়ের ট্রাভেল ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগের মধ্যে ১০টি বড় প্যাকেটে মোট ১ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

ইয়াবা বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে।