গাজীপুরে একদিনে তিন স্থানে অগ্নিকাণ্ড: ৭৫টি টিনশেড ঘর ও দুটি জুটের গুদাম পুড়ে ছাই

0
46

গাজীপুর জেলায় একদিনে (সোমবার) পৃথক তিনটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোরে ও সকালে সংঘটিত এই অগ্নিকাণ্ডগুলোতে দুটি জুটের গুদাম এবং একটি কলোনির প্রায় ৭৫টি টিনশেড ঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

অগ্নিকাণ্ডগুলো গাজীপুরের পূবাইল, মহানগরীর কোনাবাড়ী এবং কালিয়াকৈর উপজেলা পল্লী বিদ্যুৎ এলাকায় ঘটেছে।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহীন আলম জানান, সোমবার ভোর ৫টায় পূবাইলের মাজু খান বাসস্ট্যান্ড সংলগ্ন একটি জুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় চারটি দোকান পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

একই দিন ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর কোনাবাড়ী আমবাগ পূর্ব পাড়া এলাকার পলাশ মিয়ার অপর একটি জুটের গুদামে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাজীপুরের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সোয়া ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে, সোমবার সকাল ৮টায় কালিয়াকৈর উপজেলা পল্লী বিদ্যুৎ এলাকায় সুজন ও মামুনের কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের তথ্যানুসারে, এ সময় দুইটি কলোনির প্রায় ৭৫টি টিনশেড ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।