নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচরে যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দেলুর জ্ঞাত আয়বহির্ভূত প্রায় সাত কোটি টাকার সম্পদ ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে আদালতের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবক্কর সিদ্দিকীকে ক্রোক করা সম্পদের রিসিভার হিসেবে নিয়োগ দেয় আদালত।
ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন দেলু, কাজিরচর গ্রামের বাসিন্দা মো. সুরুজ আলীর ছেলে। দুদকের গাজীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনামুল হক তাঁর বিরুদ্ধে আয়বহির্ভূত প্রায় ৮ কোটি ৯৫ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন। তদন্তে জানা যায়, এর মধ্যে ৬ কোটি ৮১ লাখ টাকার সম্পদ তিনি হস্তান্তর বা বিক্রির চেষ্টা করছেন। সম্পদ বেহাত হওয়ার আশঙ্কায় দুদকের আবেদনের পর নরসিংদীর সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর সম্পদ ক্রোক ও রিসিভার নিয়োগের নির্দেশ দেন।
ক্রোক করা সম্পদের মধ্যে রয়েছে—
কাজিরচর গ্রামে ২৭ শতক জমির ওপর নির্মিত ২ হাজার ৩০৪ বর্গফুটের তিনতলা ডুপ্লেক্স বাড়ি (মূল্য ৩ কোটি ১৩ লাখ ২৭ হাজার ৪৪ টাকা)
একই গ্রামে ৬ শতক জমির ওপর নির্মিত ৩ হাজার ৬৫০ বর্গফুটের পাঁচতলা ভবন (মূল্য ৩ কোটি ৬৮ লাখ ৮ হাজার ২৫৭ টাকা)

