রাজধানীর শাহজাদপুরে ভাড়া বাসা থেকে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
27

রাজধানীর শাহজাদপুরের খিলবাড়ি টেক এলাকায় লিলি বিশ্বাস (২৩) নামে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এলাকার একটি দুইতলা ভবনের নিচতলার ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

লিলি বিশ্বাস গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার লাখিরপাড় গ্রামের রংমিস্ত্রি লিটন বিশ্বাসের মেয়ে। তিনি পরিবারের সঙ্গে শাহজাদপুরের খিলবাড়ি টেক এলাকায় ভাড়া থাকতেন এবং দুই বোনের মধ্যে বড় ছিলেন। নার্সিং পাস করার পর তিনি হলি ফ্যামিলি হাসপাতালে ইন্টার্নশিপ করছিলেন এবং পাশাপাশি চাকরির জন্য চেষ্টা চালাচ্ছিলেন।

লিলির বাবা লিটন বিশ্বাস জানান, তিনি, তাঁর স্ত্রী ও ছোট মেয়ে বাসার বাইরে ছিলেন। বেলা ১১টার দিকে বাসায় ফিরে লিলির রুমের দরজা বন্ধ পান। দীর্ঘক্ষণ ধাক্কাধাক্কির পর দরজা খুলে ভিতরে গিয়ে দেখেন, লিলি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। প্রতিবেশীদের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।