খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মোদির বার্তা, কৃতজ্ঞতা জানালো বিএনপি

0
60

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো বার্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি।

সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ পোস্ট করে নরেন্দ্র মোদি খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি লেখেন, “বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে পেরে গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের গণজীবনে তিনি বহু বছর গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার দ্রুত আরোগ্যের জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। ভারত যেকোনোভাবে সম্ভব সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।”

এর জবাবে বিএনপি তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে মোদির প্রতি কৃতজ্ঞতা জানায়। পোস্টে বলা হয়, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুচিন্তিত বার্তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে বিএনপি। এই সদিচ্ছার নিদর্শন ও সমর্থন প্রদানের প্রস্তুতির প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ।”

৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হওয়ার পর তার শারীরিক জটিলতা বাড়তে থাকে। পরে তাকে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয় এবং ভেন্টিলেশনসহ জীবনরক্ষাকারী ব্যবস্থা দেওয়া হয়। বিদেশি বিশেষজ্ঞসহ একটি মেডিকেল টিম সার্বক্ষণিক তাঁকে তত্ত্বাবধান করছে।

বিএনপি নেতারা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। দলের ভাইস–চেয়ারম্যান আহমেদ আযম খান বলেন, “চিকিৎসকেরা প্রায় সব ধরনের চিকিৎসা প্রয়োগ করেছেন। উনি খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন। এখন জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছুই করার নেই।”

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই মন্তব্য করেন। তিনি বলেন, “দেশি–বিদেশি চিকিৎসকরা দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উনি অত্যন্ত অসুস্থ। সবাই সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন।”

দীর্ঘদিন ধরে খালেদা জিয়া লিভার, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও চোখের জটিলতাসহ নানা দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য চার মাস লন্ডনে থাকার পর গত ৬ মে তিনি দেশে ফেরেন।