ভেনেজুয়েলা প্রেসিডেন্ট মাদুরোকে দেশ ছাড়ার আহ্বান ট্রাম্পের

0
18

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে সরাসরি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে দুই নেতার মধ্যে হওয়া এক ফোনালাপে ট্রাম্প এই প্রস্তাব দেন। তবে মাদুরো তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন।

রোববার (৩০ নভেম্বর) ট্রাম্প সাংবাদিকদের কাছে এ ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “ফোনালাপ ভালো ছিল নাকি খারাপ, তা আমি বলব না; এটি ছিল শুধু একটি ফোনকল।” ধারণা করা হচ্ছে, গত ২১ নভেম্বর ওই আলাপ হয়।

মিয়ামি হেরাল্ডকে দেওয়া কয়েকটি সূত্রের তথ্য অনুযায়ী, ট্রাম্প ফোনে মাদুরোকে বলেন যে এখনই পদত্যাগ করলে তিনি নিজে এবং তাঁর পরিবার নিরাপদে থাকতে পারবেন। ট্রাম্পের বার্তা ছিল— “আপনি আপনার স্ত্রী ও সন্তানদের বাঁচাতে পারবেন যদি এ মুহূর্তে দেশ ছাড়েন।”

কিন্তু মাদুরো এই প্রস্তাব প্রত্যাখ্যান করে রাজনৈতিক ক্ষমতা ছাড়ার পরিবর্তে শুধু সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার প্রস্তাব দেন। ধারণা করা হচ্ছে, ব্রাজিল, কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় এই ফোনালাপটি আয়োজন করা হয়েছিল।

গত সোমবার হাজার হাজার সমর্থকের উদ্দেশে দেওয়া বক্তব্যে মাদুরো বলেন, ভেনেজুয়েলানরা “কোনো ক্রীতদাসে শান্তি চায় না।”

ফোনালাপের পর দুই নেতার মধ্যে আর কোনো যোগাযোগ হয়নি বলে জানিয়েছে মিয়ামি হেরাল্ড। এরপর চলতি সপ্তাহে ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা যুক্তরাষ্ট্রের বিমান চলাচলের জন্য বন্ধ ঘোষণা করেন।

সংবাদমাধ্যমটি আরও জানায়, মাদুরো আবারও ট্রাম্পের সঙ্গে কথা বলতে চাইলে ট্রাম্প তাতে সাড়া দেননি। তবে বিশ্লেষকদের মতে, ট্রাম্প যদিও মাদুরোকে সরাসরি পদত্যাগের আহ্বান জানিয়েছেন, তবুও তাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্র বড় কোনো সামরিক পদক্ষেপ নেবে—এমন সম্ভাবনা কম।

সূত্র: মিয়ামি হেরাল্ড