প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। ইইউ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।
ইসি সূত্র জানায়, বৈঠকে মূলত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি, নির্বাচন পর্যবেক্ষণ এবং প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগেও নির্বাচনী প্রক্রিয়া ও পরিবেশ নিয়ে একাধিকবার ইসির সঙ্গে বৈঠক করেছে ইইউ।
ইউরোপীয় ইউনিয়ন আগেই জানিয়েছে, তারা বাংলাদেশে একটি “আন্তর্জাতিক মানের ও গ্রহণযোগ্য” নির্বাচন দেখতে চায়। এ লক্ষ্যেই আগামী জাতীয় নির্বাচনে প্রায় ১৫০ সদস্যের একটি বৃহৎ পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে এই পর্যবেক্ষকরা ধাপে ধাপে বাংলাদেশে আসবেন।
এ ছাড়া নির্বাচন ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নির্বাচন কমিশনকে ৪০ লাখ ইউরোর বেশি সহায়তা প্যাকেজ দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।