‘ধর্মের নামে বাংলাদেশে আর রাজনীতি করা চলবে না’: জয়নুল আবদিন ফারুক

0
23

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন, নির্বাচনের প্রাক্কালে একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করছে। তার ভাষায়, যে দলটি একসময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই এখন ঘরে ঘরে গিয়ে ধর্মের নামে ভোট চাইছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার কুতুবেরহাট বাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, ‘যে মুহূর্তে বাংলাদেশ একটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই একটি রাজনৈতিক দল— যারা ৫৫ বছর আগে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, যারা মায়ের বুক খালি করেছিল— আজকে আবার তারা ধর্মের নামে আমাদের মা-বোনদের ঘরে ঘরে গিয়ে বলছে, অমুক মার্কায় ভোট দিলে বেহেশত যাবেন। এ ধরনের কথা ইসলাম ধর্মের সত্য কথা নয়। ইসলাম বিশ্বের দরবারে শ্রেষ্ঠ ধর্ম; তাই ধর্মের নামে বাংলাদেশে আর রাজনীতি করা চলবে না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, এখানে অনেক মুক্তিযোদ্ধা আছেন। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা চাই, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগসহ সব ক্ষেত্রে মানুষ যেন সচ্ছলভাবে বাঁচতে পারে।’

ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ফারুক বলেন, ‘আগামীতে যারা ধর্মের নামে ব্যবসা করছে, তাদের রুখতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যের ভিত্তিতে গড়ে তুলুন। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।’

ধানের শীষ প্রতীক নিয়ে তিনি বলেন, ‘কেউ আমাকে পছন্দ করুক বা না করুক, আমি মনে করি শহীদ জিয়ার ধানের শীষ প্রতীক নিয়ে যিনিই আসবেন, তাকে ভোট দেওয়া আমাদের কর্তব্য। আমাদের মধ্যে নেতৃত্ব নিয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ধানের শীষ নিয়ে কোনো আপস নেই। ধানের শীষ আমার, ধানের শীষ শহীদ জিয়ার, ধানের শীষ খালেদা জিয়ার, ধানের শীষ তারেক রহমানের।’