শিক্ষকরা পরীক্ষা বন্ধ রাখলে সরকারি ব্যবস্থা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

0
33

১১তম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা লাগাতার কর্মবিরতি এবং বার্ষিক পরীক্ষা বর্জনের পর ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকরা বার্ষিক পরীক্ষা নিয়ে চরম ভোগান্তি ও উদ্বেগে রয়েছেন।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষকদের অবিলম্বে পরীক্ষা কার্যক্রম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেউ পরীক্ষা না নিয়ে কর্মবিরতি বা ‘কমপ্লিট শাটডাউন’ চালালে তার বিরুদ্ধে সরকারি চাকরি আইন, আচরণ বিধিমালা এবং ফৌজদারি আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত ৩০ নভেম্বর মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষকদের কর্মসূচি থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছিল। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীতকরণের দাবি যৌক্তিক বিবেচিত হয়েছে এবং এ বিষয়ে অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও পে-কমিশনের সঙ্গে আলোচনা চলছে। পে-কমিশনের প্রতিবেদন পাওয়ার পর অর্থ বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।