এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন প্রধান উপদেষ্টা ইউনূস

0
18

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংকটাপন্ন এই রাজনৈতিক নেত্রীর শারীরিক খোঁজখবর নেন তিনি।

এরই মধ্যে যুক্তরাজ্য থেকে আসা চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিক্যাল টিম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে সরাসরি যুক্ত হয়েছে। দুপুরে তারা এভারকেয়ার হাসপাতালে পৌঁছে চিকিৎসা কাজে অংশ নেন। দলটির নেতৃত্ব দিচ্ছেন কার্ডিয়াক ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ড. রিচার্ড বিল।

হাসপাতাল সূত্র জানায়, টিমটি প্রথমে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) গিয়ে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার নিবিড় পর্যবেক্ষণ করে। এরপর স্থানীয় মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে দীর্ঘ বৈঠকে দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনা, জটিলতার ঝুঁকি, অর্গান সাপোর্ট ও পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

প্রথম দিন তারা খালেদা জিয়ার জটিলতার ক্লিনিক্যাল নোট, সর্বশেষ সকল পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট এবং ব্যবহৃত লাইফ সাপোর্ট ও সহায়ক সিস্টেমের তথ্য বিস্তারিতভাবে পর্যালোচনা করেছেন। তাদের মূল লক্ষ্য, স্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বিতভাবে একটি উন্নত চিকিৎসা পরিকল্পনা প্রণয়ন এবং তার সুস্থতায় সর্বোচ্চ সহায়তা প্রদান।

হাসপাতাল সূত্র জানিয়েছে, বর্তমানে বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটজনক হলেও তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে মেডিক্যাল টিম নিশ্চিত করেছে।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হওয়ায় দুই দিন আগে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

জুলাই অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ সরকারের আমলে দুই মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন। ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পান তিনি; এরপর বারবার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানো হলেও বিদেশে চিকিৎসার অনুমতি পাননি।

গত বছর ৮ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পূর্ণ মুক্তি পান। এরপর ৮ জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়ে চার মাস থেকে ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। বর্তমানে আবারও তিনি এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।