দেশের পুঁজিবাজারে পাঁচ বছর মেয়াদি নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ইস্যু করা এই বন্ডের মাধ্যমে সরকার ৫ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে। বুধবার (৩ ডিসেম্বর) থেকে বন্ডটির লেনদেন শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
ডিএসই ও সিএসইর তথ্য অনুযায়ী নতুন বন্ডটির নাম ‘০৫ওয়াই বিজিটিবি ৩০/১১/২০৩০’। উভয় বাজারে এর লেনদেন কোড ‘টিবি৫ওয়াই১১৩০’। ডিএসইতে স্ক্রিপ্ট কোড ‘৮৮৫৪৮’, আর সিএসইতে ট্রেডিং আইডি ‘৫০৩১৪’।
ডেবট বোর্ডের অধীনে ‘এ’ ক্যাটাগরির সিকিউরিটিজ হিসেবে বন্ডটির ইউনিট লেনদেন হবে। এর কুপন রেট ১০.৭৯ শতাংশ, যা বছরে দুইবার বিনিয়োগকারীদের প্রদান করা হবে।
প্রতি ইউনিটের লেনদেন শুরুর মূল্য ১০১ টাকা ১৩ পয়সা, যেখানে অভিহিত মূল্য ১০০ টাকা। প্রতি লটে থাকছে ১ হাজার ইউনিট।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, তারা ১০০ টাকা অভিহিত মূল্যের ৫০ কোটি ইউনিট ইস্যু করে মোট ৫ হাজার কোটি টাকা উত্তোলন করেছে।
এর আগে ২৪ নভেম্বর পুঁজিবাজারে ১০ বছর মেয়াদি একটি বন্ডের লেনদেন শুরু হয়, যার মাধ্যমে সরকার আড়াই হাজার কোটি টাকা সংগ্রহ করে। তারও আগে, ১০ নভেম্বর দুই বছর মেয়াদি আরেকটি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়, যে বন্ড থেকে বাংলাদেশ ব্যাংক ৪ হাজার কোটি টাকা সংগ্রহ করে।