মানবতাবিরোধী অপরাধ মামলায় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

0
40

ইন্টারনেট বন্ধের মাধ্যমে গণহত্যা সংঘটনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে আদালত।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ প্রদান করেন। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ ডিসেম্বর।

প্রসিকিউশনের পক্ষে হাজির হয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম আদালতে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন, যা বিচারিক প্যানেল মঞ্জুর করে। এদিন প্রসিকিউশন জয় এবং পলকের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করে।

এর আগের দিন বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথা জানান প্রসিকিউটর তামিম।

প্রসিকিউশন বলছে, জুলাই-আগস্ট মাসে ইন্টারনেট বন্ধ রেখে সংগঠিত গণহত্যার অভিযোগের ভিত্তিতেই এই মামলার তদন্ত ও চার্জ গঠন করা হয়েছে।