‘অতীতের তামাশার নির্বাচন থেকে বেরিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে’: প্রধান উপদেষ্টা

0
72

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেন। তিনি নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে অতীতের ‘তামাশার নির্বাচন’ থেকে শিক্ষা নিয়ে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, “নির্বাচন বলতে আমরা অতীতের কিছু নির্বাচন মনে করি—প্রহসনের, প্রতারণার বা তামাশার। এই বিশেষণগুলো থেকে আমাদের বের হতে হবে। এই দূরত্বটুকু আমাদের অতিক্রম করতে হবে।”

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক নির্বাচনে পক্ষপাত এড়াতে দৈবচয়নের মাধ্যমে ৬৪ জেলার পুলিশ কর্মকর্তা দায়িত্বে নিয়োগ করা হয়েছে। “দৈবচয়ন এসেছে যাতে কারো মধ্যে কোনো ধরনের পক্ষপাত প্রবেশ না করে। নিজের ওপর ছেড়ে দিলে অনেক সময় পক্ষপাত ঢুকে যায়। এ কারণেই আমরা এই ব্যবস্থা নিয়েছি,” বলেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস নির্দেশ দেন, এবারের নির্বাচন সাধারণ রুটিন প্রক্রিয়া নয়। তিনি বলেন, “পাঁচ বছর পর পর সাধারণ নির্বাচন হয়। কিন্তু এবারের নির্বাচন গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন। এটি ইতিহাসে স্মরণীয় হবে। যে কোনো বাইরের পর্যবেক্ষক এখানে আসবে, তারা আমাদের খুঁত ধরার চেষ্টা করবে। তবে তারা দেখবে—এ ধরনের নির্বাচন তারা আগে কখনো দেখেনি। এটি দৃষ্টান্ত হয়ে থাকবে।”

প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, এবারের নির্বাচন গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। “আমরা এই নির্বাচনের মাধ্যমে সেই আদর্শ বাস্তবায়ন করবো,” তিনি বলেন।