জুলাই যোদ্ধাদের সহায়তায় রাজনৈতিক দল ও ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান সরজিসের

0
39

গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সহায়তায় সরকারের পাশাপাশি দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সচ্ছল ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় চেম্বার ভবনে ওয়ারিয়র্স অব জুলাই পঞ্চগড় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

সারজিস আলম বলেন, ‘অভ্যুত্থান-পরবর্তী বাস্তবতা না থাকলে আমরা কেউ নিজ অবস্থানে থাকতে পারতাম না। তাই শহীদ পরিবার ও আহতদের প্রতি দায়বদ্ধতা থেকে রাজনৈতিক দল ও সচ্ছল ব্যবসায়ীদেরও এগিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, জনগণ ও অভ্যুত্থান-অংশগ্রহণকারীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক এজেন্ডার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। সরকার ১০ থেকে ১৫ হাজার গেজেটেড আহত যোদ্ধা এবং ৯ শতাধিক শহীদ পরিবারকে নিয়ে দীর্ঘমেয়াদি প্রক্রিয়ায় কাজ করছে বলেও জানান তিনি।

পঞ্চগড়ে বর্তমানে ৫টি শহীদ পরিবার ও ৪১ জন আহত যোদ্ধা রয়েছে উল্লেখ করে সারজিস আলম বলেন, ‘অনেক পরিবারই চলতে কষ্টে পড়ে। তাই তাদের পাশাপাশি শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এখন অত্যন্ত জরুরি। যারা গৃহহীন, তাদের স্থায়ী আবাসনের ব্যবস্থা করতেও হবে।’

তিনি আরও বলেন, সরকারের দীর্ঘমেয়াদি প্রক্রিয়াকে সহজ করতে জেলা প্রশাসনের পাশাপাশি সকল রাজনৈতিক দল একাত্মতা ঘোষণা করে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের জন্য স্থায়ী আবাসন ও জরুরি কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এতে সবার সম্মিলিত প্রচেষ্টায় কাজটি আরও সহজ হবে।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণ এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এসময় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জামায়াত নেতা শফিউল্লাহ সুফি, ইসলামী আন্দোলনের সহ-সভাপতি ক্বারী মো. আব্দুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং শহীদ–আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।