ঝিনাইদহের কালীগঞ্জ মাঠ থেকে নসিমনচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

0
46

ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের মাঠ থেকে ওমর শেখ (৩০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্যালোইঞ্জিনচালিত নসিমন গাড়ির চালক ছিলেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

নিহত ওমর শেখ কালীগঞ্জ উপজেলার বেলাট গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। বৃহস্পতিবার বিকেলে তিনি নসিমন গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মাঠে ওমর শেখের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় সংবাদ দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং গলায় রশি বাঁধা ছিল। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তিনি নসিমন নিয়ে বাড়ি থেকে বের হন। আজ সকালে তার মরদেহ উদ্ধার করেছি।”

তিনি আরও জানান, ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট কাজ করছে। প্রক্রিয়া শেষে মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যার কারণ এখনো নির্ধারণ করা যায়নি বলে জানান তিনি।