তারাকান্দা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

0
41

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারের অন্তত ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে তারাকান্দা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, এতে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

তারাকান্দা ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার লুৎফর রহমান জানান, ভোর ৫টার দিকে খবর পাওয়ার পর তারাকান্দা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ময়মনসিংহ থেকে আসা আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। প্রাথমিকভাবে ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। আগুনের সূত্রপাত ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

ঘটনার পরপরই তারাকান্দা থানা পুলিশ ও সেনাবাহিনীর দুটি টিম বাজার এলাকা পরিদর্শন করে।

তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের তালিকা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সালেহীন এবং থানা পুলিশ প্রস্তুত করে জেলা প্রশাসকের কাছে পাঠাবেন। সরকারি বিধি অনুযায়ী তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।