দেশে ফিরল লিবিয়ায় আটকা পড়া ৩১০ বাংলাদেশি

0
22

অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে লিবিয়ায় মানবপাচারকারীদের খপ্পরে পড়ে আটকা পড়া ৩১০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সরকার। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় একটি চার্টার্ড ফ্লাইটে তাদের দেশে ফেরত আনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সমন্বিত প্রচেষ্টায় দেশে ফিরতে ইচ্ছুক ৩১০ বাংলাদেশিকে নিরাপদে প্রত্যাবাসন করা হয়েছে।

জানা যায়, ফেরত আসা অধিকাংশ বাংলাদেশি মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার লক্ষ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে বিভিন্ন সময়ে তারা অপহরণ ও নির্যাতনের শিকার হন বলেও অভিযোগ রয়েছে।

দেশে ফেরার পর বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও আইওএম প্রতিনিধিরা তাদের স্বাগত জানান। জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে তাদের ভয়াবহ অভিজ্ঞতা সমাজের সঙ্গে ভাগ করে নিতে অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক আরও বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে সরকার ও আইওএম যৌথভাবে কাজ করছে বলে জানানো হয়েছে।