ভারতকে ‘নিরবচ্ছিন্ন’ জ্বালানি সরবরাহে প্রস্তুত রাশিয়া: পুতিন

0
28

ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ভারতকে তাদের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তার কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

শুক্রবার (৫ ডিসেম্বর) নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পুতিন এসব কথা বলেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুই নেতার উপস্থিতিতে বৈঠক শেষে ভারত ও রাশিয়ার বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে একাধিক সমঝোতা স্মারক বিনিময় হয়। জাহাজ নির্মাণ, মেরু সমুদ্র অঞ্চলে কাজের জন্য ভারতীয় নাবিকদের প্রশিক্ষণ, নতুন নৌপথ উন্নয়ন, বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ—এমন নানা খাতে এসব সমঝোতা স্বাক্ষরিত হয়।

সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ‘ভারত-রাশিয়া সম্পর্ক অত্যন্ত মজবুত। আমাদের মধ্যকার অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও বিস্তৃত হচ্ছে। বাণিজ্য এখন রুবল ও ভারতীয় রুপিতে চলছে। মেক ইন ইন্ডিয়া উদ্যোগেও আমরা সহযোগিতা করছি।’ তিনি জানান, দুই দেশ লজিস্টিক রুট গড়ে তোলার পাশাপাশি ভারত মহাসাগর ঘিরে নতুন রুট নিয়েও আলোচনা করছে।

জ্বালানি ও বাণিজ্য সহযোগিতার প্রসঙ্গে পুতিন বলেন, ‘রাশিয়া ভারতকে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ করতে প্রস্তুত।’ যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও দিল্লির সঙ্গে মস্কোর জ্বালানি সহযোগিতা অব্যাহত থাকবে বলেও ইঙ্গিত দেন তিনি।

পারমাণবিক বিদ্যুৎ সহযোগিতা প্রসঙ্গে পুতিন জানান, তামিলনাডুর কুদানকুলামে ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়া কাজ করছে। ছয়টি ইউনিটের মধ্যে দুটি ইতোমধ্যে গ্রিডে যুক্ত হয়েছে, আর বাকি চারটি নির্মাণাধীন।

তিনি বলেন, ‘এই প্রকল্পটি পুরোপুরি চালু হলে ভারতের স্বচ্ছ ও সাশ্রয়ী বিদ্যুতের চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। পাশাপাশি ছোট মডিউলার রিঅ্যাক্টর, ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং ওষুধ ও কৃষি শিল্পে পারমাণবিক প্রযুক্তি নিয়েও আমরা কাজ করছি।’

ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নয়াদিল্লিতে পৌঁছান। পালাম বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান। শুক্রবার রাত নয়টায় তিনি দিল্লি ত্যাগ করার কথা রয়েছে।