রুশ প্রেসিডেন্ট পুতিনকে রুশ ভাষায় অনূদিত গীতা উপহার দিলেন নরেন্দ্র মোদি

0
65

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রুশ ভাষায় অনূদিত শ্রীমদ্ভগবদ্ গীতা উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি লেখেন, “রুশ প্রেসিডেন্ট পুতিনকে গীতার একটি কপি উপহার দিয়েছি। গীতা বিশ্বব্যাপী লাখো মানুষের প্রেরণার উৎস।”

এদিকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ২৭ ঘণ্টার সফরে নয়াদিল্লিতে পৌঁছেছেন পুতিন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লালগালিচা সংবর্ধনা দিয়ে তাকে স্বাগত জানান। বিমান থেকে নামার পর দুই নেতা করমর্দন করেন এবং পরস্পরকে আলিঙ্গন করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, দিল্লির পালাম বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানানোর সময় মোদি তাকে আবেগঘনভাবে জড়িয়ে ধরেন। এরপর একই গাড়িতে দুই নেতা যাত্রা শুরু করেন। গত বছরের জুলাইয়ে মস্কো সফরে পুতিন মোদির জন্য ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছিলেন। তারই প্রতিক্রিয়ায় এবার দিল্লিতে পুতিনের জন্য ব্যক্তিগত নৈশভোজের ব্যবস্থা করেন মোদি।

আজ শুক্রবার সকালে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। পরে রাষ্ট্রপতি ভবনে পুতিনকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। ভারতের ঐতিহ্যবাহী হায়দরাবাদ হাউসে দুই নেতা দুপুরের খাবার সেরে নেবেন। এর আগে সকালে পুতিনের রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে।

সফরকালীন পুতিন ভারত থেকে পরিচালিত রাশিয়ার নতুন একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের উদ্বোধন করবেন। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেবেন তিনি। শুক্রবার রাত ৯টার দিকে পুতিনের সফর শেষ করে ভারত ত্যাগ করার কথা রয়েছে।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া, এনডিটিভি