তফসিল বিলম্বিত হলে দেশের গণতন্ত্র দূর আকাশের তারা হয়ে যাবে: রুহুল কবির রিজভী

0
32

আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল বিলম্বিত হলে দেশের গণতন্ত্র আরও ঝুঁকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি সতর্ক করে বলেছেন, তফসিল প্রলম্বিত হলে দেশের গণতন্ত্র দূর আকাশের তারা হয়ে যাবে।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, এত গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে নির্বাচন, সেটি প্রলম্বিত হলে গণতন্ত্রের বিকাশ ব্যাহত হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, ‘‘তারেক রহমান দূরে থেকেও দেশের মানুষের কাছে রয়েছেন। তিনি যখন মনে করবেন, তখনই দেশে আসবেন—এতে কোনো বাধা হবে না। কারণ তিনি দেশ ও দেশের মানুষকে ভালোবাসেন।’’

বিএনপির নীতি ও প্রতিশ্রুতি প্রসঙ্গে এই নেতা বলেন, বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্ট’-এ বিশ্বাসী। অতীতেও আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি এবং ভবিষ্যতেও সে ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে। আধুনিক প্রযুক্তির উন্নয়ন কাজে লাগিয়ে তিনি প্রতিটি অঙ্গীকার বাস্তবে রূপ দেবেন এবং এর চুল পরিমাণও বিচ্যুতি হবে না।

পুরোনো প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে রিজভী বলেন, অতীতে স্বামী মারা গেলে স্ত্রী ১৫ বছর পেনশন পেতেন। কিন্তু ১৯৯০ সালের নির্বাচনে বিএনপির ইশতেহারে স্বামী মারা গেলে স্ত্রী যতদিন জীবিত থাকবেন, ততদিন পেনশন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় এবং ক্ষমতায় আসার পর খালেদা জিয়া তা বাস্তবায়ন করেছিলেন। তিনি নিশ্চিত করেন, আবারও ক্ষমতায় গেলে এই নীতি বাস্তবায়ন করা হবে।