নবম পে স্কেল বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে সরকারি কর্মচারীদের জাতীয় সমাবেশ

0
26

আগামী বছরের জানুয়ারি থেকে বেতন কমিশনের সুপারিশসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সমাবেশ করেছে গণকর্মচারীদের সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে রাজধানীর আবদুল গণি রোডের (সচিবালয় সড়ক) নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজকেরা জানান, সংগঠনটির সমন্বয়ে ১২৪টি শাখা রয়েছে, যা বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কাজ করছে। সমাবেশে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কর্মচারীরা অংশ নেন।

বক্তারা বলেন, কর্মচারীদের ন্যায্য অধিকার বাস্তবায়নে আর বিলম্ব করা যাবে না। তারা দাবি করেন, ডিসেম্বর ২০২৫-এর মধ্যে নতুন বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি করা হোক এবং আগামী ১ জানুয়ারি থেকে তা কার্যকর করা হোক।

সমাবেশে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ পাঁচ দফায় দাবি জানিয়েছে—বেতন কাঠামো বাস্তবায়ন, নিয়োগবিধি সংস্কার, অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ, রেশন ও পদোন্নতি সুবিধা নিশ্চয়তা এবং আইএলও মানদণ্ড অনুযায়ী ট্রেড ইউনিয়ন অধিকার প্রদান।

সংগঠনটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—
১. ডিসেম্বর ২০২৫-এর মধ্যে বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি ও ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করা।
২. টাইমস্কেল, সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন পুনর্বহাল ও জাতীয় সার্ভিস কমিশন গঠন।
৩. অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ।
৪. ন্যায্যমূল্যে মানসম্মত রেশন, আউটসোর্সিং প্রথা বাতিল, শূন্যপদে নিয়োগ ও ব্লকপোস্টে পদোন্নতি।
৫. আইএলও কনভেনশনের ৮৭ ও ৯৮ ধারার আলোকে সরকারি কর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার প্রদান।

সমাবেশে সংগঠনটির সভাপতি মোহাম্মদ আজিমের সভাপতিত্বে সূচনা বক্তব্য দেন চেয়ারম্যান নোমানুজ্জামান। অতিরিক্ত মহাসচিব কামাল হোসেন শিকদার বলেন, “দীর্ঘদিন ধরে কর্মচারীদের অধিকার আদায়ের চেষ্টা করে আসছি। সরকারের প্রতি আহ্বান, ঘোষিত সময়ের মধ্যেই প্রজ্ঞাপন জারি ও দাবি বাস্তবায়ন করতে হবে, না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।”