শরীয়তপুরে অর্ধশতাধিক কর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডামুড্যা উপজেলার সাংগঠনিক সম্পাদক ও শিধুলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানে আলম খোকন মাদবর।
শুক্রবার (৫ নভেম্বর) শরীয়তপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর ডামুড্যা উপজেলার শিধুলকুড়া ইউনিয়নের তালতলা এলাকায় গণসংযোগের সময় খোকন মাদবর ও তার অনুসারীরা বিএনপিতে যোগ দেন।
বিকেলে খোকন মাদবরের বাসায় অপু পৌঁছালে তিনি ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এরপর আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন খোকন। অপুও তাকে মালা পরিয়ে দলে স্বাগত জানান। এ সময় উপস্থিত কর্মীরাও মালা পরিয়ে বিএনপির প্রতি সমর্থন জানান। ঘটনাটি এলাকাজুড়ে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করেছে।
জানে আলম খোকন মাদবর বলেন, “দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করলেও সাবেক সাংসদ নাহিম রাজ্জাক আমার জীবনে অপূরণীয় ক্ষতি করেছেন। ২০১৮ সালের নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ না করায় আমাকে নানা সমস্যার মুখে পড়তে হয়েছে।”
তিনি আরও বলেন, “মিয়া নুরুদ্দিন অপু ভাই নিজে এসে আমাকে সম্মানের মালা পরিয়েছেন। এই মালার সম্মান জীবন দিয়ে হলেও রাখব। আগে এই এলাকা নৌকার ঘাঁটি ছিল, এখন এটিকে ধানের শীষের ঘাঁটিতে পরিণত করবো।”
অন্যদিকে অপু খোকন মাদবর ও তার সঙ্গে যোগ দেওয়া নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “সব দলমত নির্বিশেষে আমরা একটি পরিবার। হিংসা–বিদ্বেষ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে উন্নত ও সমৃদ্ধ শরীয়তপুর গড়ে তুলব।”