দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে শেখ হাসিনার ‘ফ্যাসিস্ট সরকার’: সালাহউদ্দিন আহমদ

0
24

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে শেখ হাসিনার ‘ফ্যাসিস্ট সরকার’। তবে গণতন্ত্রপ্রিয় মানুষের দীর্ঘ সংগ্রামের মুখে আওয়ামী লীগ ক্ষমতা হারিয়ে পালাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন আহমদের দাবি, আগামী নির্বাচন এমন হওয়া উচিত যেখানে জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেবে এবং বিএনপির নেতৃত্বে একটি শক্তিশালী, সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের চকরিয়ার হারবাং বাজার এলাকায় অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপি সরকার গঠন করলে কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীত করাকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি দাবি করেন, দেশের একমাত্র গভীর সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ বিএনপির আমলেই শুরু হয়েছিল এবং আগামী এক থেকে দেড় বছরের মধ্যেই বন্দরটি পুরোপুরি চালু হবে। তখন ছয় লেন মহাসড়ক নির্মাণ অপরিহার্য হয়ে উঠবে।

তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন শিগগির জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে। তফসিল ঘোষণার পরই বিএনপির প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন। তার মতে, দেড় যুগ পর মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে—এ নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি হবে ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন।

বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে সালাহউদ্দিন বলেন, তিনি গণতন্ত্রের জন্য আপোষহীন নেতৃত্ব দিয়েছেন। তিনি আরও প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।

এর আগে সকালে তিনি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নুনাছড়ি, নয়া পাড়া, রাখাইন পাড়া, হারবাং বাজার, কালা সিকদার পাড়া, গুদার পাড়া ও সওদাগর পাড়া পাহাড়তলী এলাকায় গণসংযোগ করেন।